Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যানজট না চাইলে সোহরাওয়ার্দীতে গিয়ে আন্দোলনের পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৪ ১২:১৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৯:০১

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সারাবাংলা।

ঢাকা: রাজধানীতে সাম্প্রতিক সময়ে যানজট তীব্র আকার ধারণ করেছে। জনগণ এ থেকে পরিত্রাণ চায়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর চকবাজারে পুরনো কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আজকে নাকি সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন রয়েছে। প্রতিদিন কোনো না কোনো আন্দোলন চলমান রয়েছে। এতে যানজট আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রাস্তা বন্ধ করে আন্দোলন করবেন আবার যানজটও মানতে চাইবেন না। তাহলে আমি কি করবো, বলেন আমাকে?’

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা যানজট নিয়ে কথা বলেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কমবে।

‌স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্প নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জন্যই এই প্রকল্প। এই এলাকায় যানজট সবচেয়ে বড় সমস্যা। তাই রাস্তা আর পার্কিং প্লেস প্রশস্ত করতে হবে আরও। সেটা নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, পুরান ঢাকার রাস্তাগুলো অনেক সরু। পাশাপাশি দুটি গাড়ি পার হতে কষ্ট হয়। এছাড়া রাস্তার উন্নয়ন কাজ যথাসময়ে শেষ না হওয়ায় চাঁনখারপুল থেকে কারাগার পর্ন্ত সড়কটি দীর্ঘদিন বন্ধ রয়েছে। রাস্তার কাজ দ্রুত শেষ করে সড়কটি খুলে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া এই এলাকার সড়কগুলো আরও প্রশস্ত করার তাগিদ দেওযা হয়েছে। রাস্তা প্রশস্তের কাজ ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ৬ মাসের মধ্যেই নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন উপদেষ্টা।

এ সময় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আমাদের কোনো দুর্নীতি বা ভুল থাকলে ধরিয়ে দেওয়ার অনুরোধ করছি।

সারাবাংলা/ইউজে/এমপি