Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জ্ঞান ছাড়া জাতি এগিয়ে যেতে পারে না’

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৪ ১৪:৫৭ | আপডেট: ১ নভেম্বর ২০২৪ ১৫:০১

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: জ্ঞান ছাড়া একটি জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ।

শুক্রবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় এবং কলেজ প্রাঙ্গণে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘উন্নত জাতি গঠনে নতুন নতুন জ্ঞানের প্রয়োজন। জ্ঞান ছাড়া একটি জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। তাই বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার মাধ্যমে নতুন নতুন জ্ঞান সৃষ্টি করে যাচ্ছে। সুন্দর স্বপ্নে ভরা বই আমরা তোমাদের হাতে তুলে দিয়েছি। এসব বই একেকটি জ্ঞানের আধার।’

বিজ্ঞাপন

এবার বইপড়া কর্মসূচিতে নগরীর ৯৩টি স্কুলের প্রায় ১৫ হাজার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। এসব স্কুলের ৫ হাজার ৫০৩ জন ছাত্রছাত্রী মূল্যায়ন পর্বে কৃতিত্বের পরিচয় দিয়েছে, তাদেরকে পুরস্কার প্রদানের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

বিজয়ী ৫ হাজার ৫০৩ জন শিক্ষার্থীকে সরাসরি মঞ্চ থেকে পুরস্কার দেওয়া হয়। কর্মসূচির নিয়মানুসারে সেরা পাঠক বিজয়ীদের মধ্যে লটারির মাধ্যমে প্রতি ১০ জনে একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়া প্রতি পর্বে একজন অভিভাবককে লটারির মাধ্যমে নির্বাচন করে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

এছাড়া ১৭টি স্কুলের ৩১০ জন শিক্ষার্থীর পক্ষে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা পুরস্কার গ্রহণ করেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমনের সঞ্চালন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি পারভীন মাহমুদ, পরিচালক শামীম আল মামুন, ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী, রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি আবদুল আউয়াল, গ্রামীণফোন চট্টগ্রাম সার্কেলের বিজনেস হেড সামরিন বোখারী এবং মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী।

সারাবাংলা/আইসি/এইচআই
বিজ্ঞাপন

আরো