Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৯৭, মৃত্যু আরও ৬ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৯:৩৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ২১:১৫

ঢাকা: রোববার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ২৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে চলতি বছরের ৪ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৫ হাজার ৭৬৮ জন। এর মাঝে ৬১ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩২০ জন।

সোমবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৮১৭ জন ও নারী ৪৮০ জন। এর মাঝে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৩০ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ৩১৫ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৪ জন, খুলনা বিভাগে ১৭১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ৮৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় চার জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছরের ৪ নভেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩২০ জন। এর মাঝে ৫১ দশমিক ২ শতাংশ নারী ও ৪৮ দশমিক ৮ শতাংশ পুরুষ।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ১৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/পিটিএম