Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফুটপাতের দোকানে চাঁদাবাজি / নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১৪

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ০০:১৪

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের প্রথমে ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে নিয়ে এসে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

সংঘর্ষে আহতরা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক প্রিন্স খন্দকার (২৬), মো. সুমন সিকদার (২৮), আহবায়ক সদস্য সাগর খান (৩২), সায়মন ইসলাম (২৭), সদস্য মুসফিকুর রহিম (২৬), জিহাদুল ইসলাম (২৯), শাকিব হাসান (২৭), ইমরান হোসেন(২৫)। এ ছাড়াও রয়েছেন- নিউমার্কেট থানা যুবদল চঞ্চল গ্রুপের জাকির (৫০), জাকির (৩৮), সুমন (২৮), শাহ আলম (২৮), ইদ্রিস (৪৫) ও রাকিব(৩২)।

বিজ্ঞাপন

আহতদের কাছ থেকে জানা যায়, নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট যুবদলের সদস্য সচিব এ কে এম চঞ্চল, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক ইফতেখার এবং সদস্য সচিব শাহাদাত ও সোহেল, সুমন, আজিমসহ ৪০-৫০ জন নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা করে। এ সময় তারা দেশীয় অস্ত্র লাঠিসোটা এবং ছুরি দিয়ে আঘাত করে।

পরবর্তী সময়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাত হোসেন‌ গ্ৰুপের নেতাকর্মীদের কাছে হামলার খবর গেলে প্রিয়াঙ্গন মার্কেটসংলগ্ন বসুন্ধরা গলিতে ফের সংঘর্ষে জড়ায়। এ সময় এলাকায় ব্যাপক ভাঙচুর, হামলা-পালটা হামলা ও আতঙ্ক সৃষ্টি হয়। এই দুই হামলায় কমপক্ষে ১৪ জন আহত হন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাত ১১টা পর্যন্ত ১৪ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর