Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কিউবায় হারিকেন রাফায়েলের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর ২০২৪ ১৫:২৯ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৯:০৮

কিউবায় শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন রাফায়েল আঘাত হেনেছে । বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ক্যাটাগরি-৩ হারিকেনটি কিউবার উপকূলে আঘাত হানে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, হারিকেন রাফায়েলের প্রভাবে বড় ধরণের জলোচ্ছ্বাস, তীব্র বাতাস ও আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। যে কারণে প্লাবিত হতে পারে দ্বীপটির পশ্চিমাঞ্চল।

কিউবায় পৌঁছার আগে হারিকেন রাফায়েলের প্রভাবে ক্যামেন দ্বীপপুঞ্জ এবং জ্যামাইকায় মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হয়।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহ আগে দেশটিতে আঘাত হেনেছিল শক্তিশালী আরও একটি হারিকেন। যার প্রভাবে সেখানে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট চলছিল। এছাড়া এর আঘাতে প্রাণ হারিয়েছিলেন ছয় বাসিন্দা।

বিজ্ঞাপন

বুধবার সারাদিন হারিকেনের প্রস্তুতি নেয় কিউবা। জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার শঙ্কায় সমুদ্রপাড় থেকে বিভিন্ন অবকাঠামো সরিয়ে নেওয়া হয়।

এছাড়া রাজধানী হাভানা এবং ভারাদেরোতে অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়। বন্ধ করে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া রাষ্ট্রটির পশ্চিমাঞ্চল থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

সারাবাংলা/এমপি