ঢাকার উত্তরা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক আয়োজন ‘ইউইউ ইনোভেটেক্স ২০২৬—আইডিয়া, রিসার্চ অ্যান্ড এআই শোকেস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের উদ্যোগে এবং HOQUE CONSULTANCY-এর উপস্থাপনায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (AI) কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পোস্টার প্রেজেন্টেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ধারণা, গবেষণাকর্ম, প্রোটোটাইপ ও R&D প্রকল্প উপস্থাপন করেন। সর্বোচ্চ চার সদস্যের দল নিয়ে শিক্ষার্থীরা অংশ নেন। বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে শীর্ষ তিনটি দলকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া নিবন্ধিত অংশগ্রহণকারীদের ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘How AI Is Reshaping the Software Industry’ শীর্ষক কর্মশালা। Astha IT-এর বিশেষজ্ঞরা এতে শিক্ষার্থীদের সামনে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। কর্মশালায় খন্দকার মেহেদী হাসান, মো. মিনহাজুল আবেদিন ও মো. আনায়েত রাব্বি খান অংশ নেন।
কর্মশালায় শিক্ষার্থীরা প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তরের সুযোগ পান। একই সময়ে উত্তরা বিশ্ববিদ্যালয় ও Astha IT-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
দিনের শেষভাগে নাচ, সংগীত ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজনটি সফল করতে CSE বিভাগের পাশাপাশি UU CSE Cultural Club, UU Machine Learning Club, UU Computer Programming Club, Office of External Affairs (OEA) এবং Event Partner EventVerse সহযোগিতা করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাকে উৎসাহিত করার পাশাপাশি এ ধরনের আয়োজন ভবিষ্যতে দেশের প্রযুক্তি খাতে নতুন নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখবে।