Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি হচ্ছে, তা গ্রহণযোগ্য হবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৪ ১৮:৪৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২০:৩৯

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বেঠক। ছবি: সারাবাংলা

ঢাকা: ‘জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি হচ্ছে, তা গ্রহণযোগ্য হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বেঠকে তিনি এ মন্তব্য করেন। ‘টেইক ব্যাক বাংলাদেশ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস।

আমীর খসরু বলেন, ‘অনির্বাচিত সরকারের সেভাবে সংস্কার করার কোনো সুযোগ নেই। যে সব বিষয়ে সবার ঐক্যমত আছে, সেটা তারা সংস্কার করতে পারে। বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে সেভাবে কোনো আপত্তিও নেই। একমাত্র সে কয়টি সংস্কার, যার মাধ্যমে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে।’

বিজ্ঞাপন

‘বাকি সংস্কারের জন্য দেশের জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে। দলগুলো তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ সিদ্ধান্ত দেবে, আগামী সংসদে সেগুলো পাস করবে, কোনো সমস্যা নেই। কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে, সে বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য হবে না’- বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এক বয়ান দিয়ে ১৬ বছর এই দেশ শাসন করেছে। সেই বয়ানের মাধ্যমে জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে।এখন আমরা আশা করি, নতুন কোনো বয়ান আমাদের আর শুনতে হবে না। একমাত্র বয়ান হচ্ছে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। এই বয়ানের বাইরে যারা বিভিন্ন সময় দেশ শাসন করেছে, তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ কোন পথে যাবে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান একটা বয়ান তৈরি করেছিল বাংলাদেশ কীভাবে চলবে। আবার স্বৈরাচারের একটা বয়ান ছিল। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আরেকটা বয়ান ছিল যে, উন্নয়ন গণতন্ত্রের ঊর্ধ্বে চলে গেছে। উন্নয়ন আর গণতন্ত্র যে হাত ধরে চলে সেটা সে বিশ্বাস করে নাই। গণতন্ত্রের মাধ্যমে উন্নয়ন হবে। উন্নয়নের মাধ্যমে গণতন্ত্র হয় না। ফ্যাসিস্টরা সব সময় উন্নয়নের কথা ব্যবহার করে।’

তিনি বলেন, ‘বিএনপির জন্য সংস্কার কোনো নতুন বিষয় না। ৬ বছর আগে খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণা করেছেন। ১ বছর আগে তারেক রহমান ৩১ দফা সংস্কার ঘোষণা করেছেন। এটা বিএনপি একা করেনি। আমাদের যুগপৎ আন্দোলনে যারা ছিল, তাদের সবাইকে নিয়ে করেছেন। বিএনপি একা তো বাংলাদেশ না, সবাইকে নিয়েই বাংলাদেশ। এটার বাইরে ছিল শুধু আওয়ামী লীগ ও তার দোসররা।’

ভয়েস ফর ডেমোক্রেসি এন্ড ভোটার রাইটস’র আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও ভয়েস ফর ডেমোক্রেসি এন্ড ভোটার রাইটসের সদস্য সচিব হুমায়ুন কবির বেপারী’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মতিনুর রহমান, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) আব্দুল হক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির প্রফেসর ডক্টর ইকবাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহবুব, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সিনিয়র সাাংবাদিক ও কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি, বাগেরহাট জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট শেখ লায়ন ডক্টর ফরিদুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সুরঞ্জন ঘোষ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এমপি