Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৯ মামলায় জামিন পেলেও নতুন হত্যা মামলায় গ্রেফতার মোনালিসা ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৭:৫৭

যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ মোনালিসা ইসলাম – ছবি : সংগৃহীত

ঢাকা: নয়টি মামলায় জামিন পাওয়ার পর নতুন একটি হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন-এর স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ মোনালিসা ইসলাম-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জুলাই আন্দোলনের সময় রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোনালিসা ইসলাম-এর আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৭ আগস্ট মোনালিসা ইসলাম-কে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত শুনানির জন্য ১২ আগস্ট দিন নির্ধারণ করেন। এদিন তাকে ভার্চুয়াল শুনানির মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন

মোনালিসা ইসলামের আইনজীবী জানান, মেহেরপুরের আটটি মামলায় এবং ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। তবে কারামুক্ত হওয়ার আগেই নতুন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালতের আদেশে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হওয়ায় তার মুক্তি আপাতত স্থগিত থাকল।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিকেল ৫টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাসা থেকে সৈয়দ মোনালিসা ইসলাম-কে গ্রেফতার করা হয়।