Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা / জাপার সাবেক এমপি টিপু কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ২১:৫৯ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২২:৫৫

জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে করা মামলায় বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান টিপুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক ফোয়াদ আহমেদ। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুলশান থেকে বকশিবাজার আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে পড়েন। এ সময় খালেদা জিয়ার গাড়িবহর, দেহরক্ষী ও নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে মামলার বাদীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। এ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ৬৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ মামলায় টিপুকে ৫১ নম্বর আসামি করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম