Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার জন্য আরেকটা তাজমহল তৈরি করুন— ভারতকে রিজভী

স্পেশাল করসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ১৮:২০ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৯:৩৯

রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারত শোকাহত। তারা শেখ হাসিনার জন্য খুব কষ্ট পাচ্ছে। তারা ষড়যন্ত্র করছে তাকে আবার ক্ষমতায় বসানোর। শুধু শেখ হাসিনার জন্য তাদের মিডিয়া একটি স্বাধীন দেশ নিয়ে অপ্রচার চালাচ্ছে। ভারতকে বলব, শেখ হাসিনার প্রতি যদি এত মায়া, তাহলে তার জন্য আরেকটা তাজমহল তৈরি করেন।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী কলেজ মাঠে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়া জেল-জুলুমকে মেনে নিয়ে দেশেই ছিলেন এবং আছেন। আর শেখ হাসিনা নেতা-কর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন। এটাই হলো শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য।’

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্ট্রার উদ্দেশে তিনি বলেন, ‘অনেক ষড়যন্ত্র হচ্ছে। সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা রক্তপিপাসু। ভারতে পলাতক থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাই ফ্যাসিবাদ ফের যেন ক্ষমতায় না আসতে পারে সেই বিষয়ে সজাগ থাকতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।’

রিজভী বলেন, ‘গত ১৬ বছর ধরে বিনা ভোটে আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র হরণ করে নিজস্ব লোকজনকে লুটপাটের সুযোগ দিয়েছে। পুলিশের একজন আইজি হাজার কোটি টাকার মালিক আর একজন মন্ত্রীর দেশের বাহিরে ২৫০ মিলিয়ন পাউন্ডের বাড়ি। আওয়ামী লীগের মেয়র তার মেয়েকে হিট অফিসার হিসাবে নিয়োগ দিলেন। পরে দেখি হিট অফিসার স্বামীর আরও বেশি হিট।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছেন, বিরোধী মতের ওপর নির্যাতন চালিয়েছেন। শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো দেশ পরিচালনা করেছেন ও ব্যাংক লুট করেছেন।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই