Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘শেখ রাসেল’ পার্ককে ওয়াসিমের নামে করার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ১৯:০৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২০:২১

শেখ রাসেল পার্ক পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর আমবাগানে অবস্থিত ‘শেখ রাসেল’ পার্কের নাম পরিবর্তন করে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের নামে করার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নগরীর আমবাগানে শেখ রাসেল পার্ক পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘গত ১৬ বছর গণতন্ত্র পুনরুদ্ধার এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের অনেকে শহীদ হয়েছে। আমরা এখনও পর্যন্ত তাদের কারও নামে কোনো পার্ক দিতে পারিনি। তাই আমরা চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শাহাদাত বরণকারী শহীদ ওয়াসিম আকরামের নামে এ পার্কের নামকরণের ঘোষণা দিচ্ছি। এ পার্কের নাম হবে আজ থেকে শহীদ ওয়াসিম পার্ক।’

বিজ্ঞাপন

‘এটা সবার জন্য উন্মুক্ত করতে চাই। পার্কটি প্রায় সময় বন্ধ থাকে এবং ময়লা-আবর্জনার জন্য লোকজন কম আসে এ অভিযোগের প্রেক্ষিতে আমি পার্কটি পরিদর্শন করতে এসেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পেয়েছি। পার্কটি এখন থেকে উন্মুক্ত করে দেওয়া হবে এবং পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে। পার্কের রক্ষণাবেক্ষণের জন্য কাজ করা হবে। সবাই এখানে আসতে পারবে, হাঁটতে-ঘুরতে পারবে।’

পার্কটি নগরবাসীর সুস্থ বিনোদনের খোরাক যোগাবে জানিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম পাহাড়-সমুদ্রনন্দিত একটা শহর। পর্যটন সম্ভাবনাময় ট্যুরিজম সিটি। তবে ঠিকমতো ফোকাস করা যাচ্ছে না বিধায় পর্যটন খাতে আমরা এগোতে পারছি না। আমাদের ছেলেরা আসলে ঘুরতে পারে না। আমাদের এখানে ওয়াকওয়ে নাই।’

‘এ কারণে পার্ক থাকার পরও কেউ ভালোভাবে ঘুরতে পারছে না। এখানে পাহাড়ি একটা ভাব আছে, বসার জায়গা আছে। এ পার্কটিকে ভালো পর্যায়ে এনে আমরা চাই সবুজের সমারোহ গড়তে। আমি অন্যান্য পার্কেও যাব। নগরবাসীর সুস্থ বিনোদনের সুযোগ বাড়াব।’

এরপর মেয়র আগ্রাবাদের কর্ণফুলী শিশুপার্ক পরিদর্শন করেন। এ সময় পার্কটি বন্ধ দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পার্কটি দ্রুত খুলে দেয়ার জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ এবং পার্কের পাশেই আবদ্ধ একটি মাঠকে শিশুদের খেলার স্থানে রুপান্তরের ঘোষণা দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আবুল কাশেম, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান ও মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/এসডব্লিউ