ঢাকা: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী আজ বেলা ১১টায় মনোনয়নপত্র দাখিল করবে। এরপর বেলা ১২টার পরে মনোনয়নপত্র জমা দেবে বিএনপি মনোনীত প্রার্থী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে, নির্বাচন কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেবেন তারা।
১১ দলীয় জোটের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে জানিয়েছেন, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। আজ বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হবে।
এদিকে বিএনপি থেকে জানানো হয়েছে, দুপুরে স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী চূড়ান্ত করার পর মনোনয়নপত্র দাখিল করা হবে।
মনোনয়নপত্রে যা থাকে:
রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র কিনতে টাকা লাগে না। এ মনোনয়নপত্রের প্রথম পৃষ্ঠায় প্রস্তাবক ও সমর্থকের নাম, সংসদীয় আসন, বিভক্তি সংখ্যাসহ স্বাক্ষর দিয়ে পূরণ করতে হয়।
মনোনয়নপত্রে দ্বিতীয় পৃষ্ঠায় প্রার্থীর ঘোষণা ও বিবৃতিতে সম্মতি দিয়ে নাম, ঠিকানাসহ স্বাক্ষর করতে হয়। এতে বলা রয়েছে-সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার অযোগ্য নন ও মনোনয়ন প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
একই পৃষ্ঠায় রয়েছে, মনোনয়নপত্র কয় টায় জমা এবং পরীক্ষার সময় সিদ্ধান্তের বিষয় পূরণ করেন নির্বাচনি কর্তা।
এবং তৃতীয় পৃষ্ঠায় মনোনয়নপত্র পরীক্ষার সময় ও প্রার্থী/সমর্থক/প্রস্তাবকের উপস্থিতির বিষয়ে প্রাপ্তি স্বীকারপত্র রয়েছে।
ইসি ঘোষিত নির্বাচনি তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ সংসদ অধিবেশন কক্ষে ২০ আগস্ট দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।