Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টানা ৪ বার কমার পর বাড়ল সোনার দাম

সারাবাংলা ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪ ২০:১৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২৩:১৮

মূল্যবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: টানা চার বার কমার পর সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে সোনার দাম বাড়ল ২ হাজার ৯৪০ টাকা। ফলে এখন প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের ঘোষণা দেওয়া হয়। বুধবার (২০ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২০ নভেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ২৮৬ টাকা।

তবে এদিন রুপার দাম কমানোরও ঘোষণা আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ১৪ নভেম্বর সোনার দাম সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান ধাতু সোনার দাম কমেছিল। তবে ওইদিনও রুপার দাম অপরিবর্তিত থাকে।

সারাবাংলা/পিটিএম