Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৮ কোটি ৮০ লাখ পিস ডিম আমদানির অনুমতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ২০:৪১ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২২:৩৭

ঢাকা: ১৮ কোটি ৮০ লাখ পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাজারে সরবরাহ বৃদ্ধি করতে মঙ্গলবার (১৯ নভেম্বর) ডিম আমদানির অনুমতি দিয়ে এ সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, বাজারে সরবরাহ বাড়াতে ১৮ লাখ ৮০ হাজার পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে। ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে দেশের ৪২টি প্রতিষ্ঠানকে এসব ডিম বাজারজাত করার শর্ত দেওয়া হয়েছে।

সরকার ডিম আমদানির অনুমতি দিলেও এ ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে। শর্তগুলেণা হলো- বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বার্ড ফ্লুমুক্ত জোনিং বা কম্পার্টমেন্টালাইজেশনের স্বপক্ষে রফতানিকারক দেশের উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে জোনিং বা কম্পার্টমেন্টালাইজেশনের সার্টিফিকেট বা ঘোষণা দাখিল করতে হবে।

বিজ্ঞাপন

আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকারের মাধ্যমে নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে। সরকার-নির্ধারিত শুল্ক-কর পরিশোধ ও অন্যান্য বিধিবিধান প্রতিপালন করতে হবে। ডিম আমদানির প্রতি চালানের অন্যূন ১৫ দিন আগে সংশ্লিষ্ট সংগনিরোধ কর্মকর্তাকে অবহিত করতে হবে।

আমদানির অনুমতি পাওয়ার পরবর্তী ৭ দিন পর পর অগ্রগতি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। আমদানির অনুমতির মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

সারাবাংলা/জিএস/এসআর