Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্মান জানানোয় গোটা জাতি আনন্দিত’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৯:৪৬ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ২৩:২৬

সেনাকুঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্মান জানানোয় গোটা জাতি আনন্দিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এ দেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছেন খালেদা জিয়া। গত ১২ বছর পরিকল্পিতভাবে সেনাবাহিনী, তথা সশস্ত্র বাহিনী থেকে তাকে দূরে রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘আমি আজ সশস্ত্র বাহিনীর সদস্য, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, নৌ বাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানকে ধন্যবাদ জানাতে চাই। এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই। তিনি আজ ম্যাডামকে (খালেদা জিয়া) যে সম্মান দেখিয়েছেন, তাতে আমরা যেমন কৃতজ্ঞ হয়েছি, গোট জাতিও আনন্দিত হয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন- সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিকেল ৩টা ৩৫ মিনিটে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান। সেখানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, নৌ বাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছে তার আসনে বসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সঙ্গে কুশল বিনিময় করেন। আগেই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে অনুষ্ঠানে দেখে তিনি কেঁদে দেন।

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৬ নেতাকে সেনাকুঞ্জে আমন্ত্রণপত্র জানানো হয়।

সারাবাংলা/এজেড/টিআর