Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘পলাতক পুলিশ’ সদস্যদের বাতিল হচ্ছে পাসপোর্ট, বেতন ভাতাও বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ২২:৫৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৩:৩০

পুলিশ সদর দফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর এখন পর্যন্ত যেসব পুলিশ সদস্য নিজ নিজ কর্মস্থলে ফেরেননি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলছে। পুলিশ সদর দফতর থেকে জানা গেছে, শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ১৮৭ পুলিশ সদস্য এখনও ‘পলাতক’ রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৬ কনস্টেবল কর্মস্থলে অনুপস্থিত।

ইতোমধ্যে তাদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ‘পলাতকদে’র বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

শনিবার (২৩ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, ‘যেসব পুলিশ কর্মকর্তা ও সদস্য কর্মস্থলে অনুপস্থিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন। পলাতক পুলিশ সদস্যদের গ্রেফতারে পুলিশের পক্ষ থেকে আলাদা টিম গঠন করা হয়েছে। তারা যেন বিদেশে পালাতে না পারেন সে জন্য তাদের সব ধরনের পাসপোর্ট বাতিল করা হচ্ছে।’

বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, ‘পলাতক’ ১৮৭ সদস্যের মধ্যে রয়েছেন— একজন ডিআইজি, সাতজন অতিরিক্ত ডিআইজি, দুইজন পুলিশ সুপার, দুইজন অতিরিক্ত পুলিশ সুপার, পাঁচজন সহকারী পুলিশ সুপার, পাঁচজন পুলিশ পরিদর্শক, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক সাতজন এবং কনস্টেবল ১৩৬ জন।

এর আগে কাজে যোগদানের জন্য পুলিশ সদস্যদের জন্য সময় বেধে দেওয়া হয়। কিন্তু এসব সদস্যরা সরকারের ডাকে সাড়া দেননি।

সারাবাংলা/ইউজে/এইচআই