ঢাকা: সাভার থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সদস্য মোহাম্মদ আরিফ ওরফে ইমরান-কে ৬ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ তদন্ত কর্মকর্তার আবেদন আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার জিআরও শাখার উপপরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন।
তিনি জানান, শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ আগস্ট রাতে সাভারের বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে আটক করে পুলিশ। পরে ১২ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই মামলায় আরও ৬ থেকে ৭ জন এজাহারভুক্ত এবং কয়েকজন অজ্ঞাতনামা আসামি পলাতক রয়েছেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযানের সময় ইমরানের সঙ্গে থাকা অন্য সন্দেহভাজনরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ব্যবহারের উপযোগী বিভিন্ন সামগ্রী, বিস্ফোরক তৈরির উপাদান, জিহাদি বই এবং ‘নব্য জেএমবি’র সাংগঠনিক নথি উদ্ধার করা হয় বলে তদন্ত কর্মকর্তার দাবি।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসামিরা রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিদের গ্রেফতার, সংগঠনের অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতাদের শনাক্ত করতে ইমরান-কে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন হওয়ায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত ১০ দিনের পরিবর্তে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।