Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রিভসের সেঞ্চুরিতে ৪০০ পেরিয়ে উইন্ডিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ০১:০০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ০১:৪৭

প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন জাস্টিন গ্রিভস

পারেননি মিকাইল লুই, পারেননি আলিক অ্যাথানজেও। দুজনই ফিরেছেন নার্ভাস নাইন্টিজে। তবে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন জাস্টিন গ্রিভস। বাংলাদেশের বিপক্ষে চলতি অ্যান্টিগায় পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি। সেঞ্চুরির আগে কেমার রোচের সাথে গড়েন ১৪০ রানের জুটি। এই জুটি আর গ্রিভসের সেঞ্চুরিতে আট উইকেটে ৪১৫ রান তুলে চা-বিরতিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ছয় নম্বরে নেমে করেছেন ধ্রুপদী ঘরানার টেস্ট ব্যাটিং। ক্রিকেটের ব্যকরণ মেনে চা-বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত খেলেছেন ১৯৫ বল। পুরোটা ইনিংসেই দেখিয়ে গেছেন টেম্পারমেন্ট, দিয়ে গেছেন ধৈর্য্যের পরীক্ষা। খেলেননি তেমন কোনো আলগা শট। স্ট্রাইক রোটেশন আর ডিফেন্সিভ ব্যাটিংয়েই ছুঁয়েছেন সেঞ্চুরি। বাউন্ডারি মাত্র চারটা। 

বিজ্ঞাপন

নিজে যেমন সামলেছেন বাংলাদেশের বোলারদের, তেমনে আগলে রেখেছেন টেইলএন্ডার কেমার রোচকেও। আজ দিনের শুরুতে হাসান মাহমুদের তোপে দুই উইকেট হারানোর পর রোচকে নিয়েই বড় করেছেন ইনিংস। টেস্টে অষ্টম উইকেটে গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে অষ্টম উইকেটে তৃতীয় সর্বোচ্চ জুটি। অবশ্য এই জুটির পথে একটা জীবনও পেয়েছেন গ্রিভস। তাসকিন আহমেদের বল তার ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপার জাকের আলীর হাতে গেলেও আওয়াজ পাননি কেউই। পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখা যায় বল ছুঁয়ে গেছে ব্যাটের কানা। 

গ্রিভস-রোচের ২৮৯ বলের দীর্ঘ প্রতিরোধ ভাঙেন সেই হাসানই। দুর্দান্ত এক ইনসুইংয়ে উপড়ে ফেলেন রোচের স্টাম্প। ক্যারিয়ার সেরা ৪৭ রানের ইনিংস খেলেছেন রোচ, একইসাথে ক্যারিয়ারে এক ইনিংসে খেলেছেন সর্বোচ্চ ১৪৪ বল।

সারাবাংলা/জেটি