Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়: আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ০২:০০

পুলিশ হেডকোয়ার্টার্সে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্বকালে মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।

ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমের সঞ্চালনায় সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অতিরিক্ত আইজি মো. গোলাম কিবরিয়া, অতিরিক্ত আইজি মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, ডিআইজি মো. কামরুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আইজিপি পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারদেরকে ফোর্সের সাথে নিয়মিত মতবিনিময় করার জন্য নির্দেশ দেন। তিনি বলেন, ‘কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ করা হবে না।’

পুলিশ প্রধান জনগণের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, ‘পুলিশকে জনগণের কাছে যেতে হবে। তাদের সমস্যা বা অভিযোগ শুনতে হবে এবং তদানুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

আইজিপি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনেক। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবিলায় পুলিশকে ধৈর্যের সঙ্গে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।’

সভায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার কার্যক্রম আরও জোরদার করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

সারাবাংলা/ইউজে/পিটিএম