Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ১১:০৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৪:১৯

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন। রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আগামী ২৬ নভেম্বর (মঙ্গলবার) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন, লক্ষ্মীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে এবং পরবর্তী সময়ে ১৯৮১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

বিজ্ঞাপন

তিনি ১৯৯২ সালেরং ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ১১ জানুয়ারি ২০০১ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগদান করেন।

রুহুল আমিন বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ১ মার্চ ২০০৭ সাল থেকে ৩১ মে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের স্মৃতির প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সকল প্রশাসনিক কাজ চলমান থাকবে।

সারাবাংলা/কেআইএফ/ইআ