Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিন্ময় দাসসহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাব জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ০০:৪৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১০:৩১

ঢাকা: আলোচিত ও সমালোচিত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আরও জব্দ করা হয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) ১৬ জনের ব্যাংক হিসাবও।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। বৃহস্প‌তিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে বিএফআইইউয়ের একটি সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিএফআইইউ দেশের তফসিলি ব্যাংকগুলোতে যে চিঠি পাঠিয়েছে তাতে বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তিদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় আরও বাড়ানো হবে।

বিজ্ঞাপন

যে ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তারা হলেন— চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী, এবং সজল দাস।

ব্যাংকগুলোকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। চিঠিতে হিসাব স্থগিত করা ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউয়ের নির্দেশনায় বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন— হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীর যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

সারাবাংলা/জিএস/টিআর