Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভুয়া গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলল ‘স্বপ্ন’

সারাবাংলা ডেস্ক
১ ডিসেম্বর ২০২৪ ২২:৩৬

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘স্বপ্ন’কে নিয়ে একটি কুচক্রী মহল ভুয়া গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে সুপারশপটি।

 ‘ইসকনকে নিয়মিত অর্থপ্রদানকারী দুটি প্রতিষ্ঠান ও স্বপ্ন সুপারশপ’ কুচক্রী মহলটি ফেসবুকে এমন পোস্ট দিয়ে গুজব ছড়াচ্ছে বলে স্বপ্নের অভিযোগ।

এ বিষয়টি তাদের নজরে আসলে গত ২৯ নভেম্বর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে সুপারশপ কর্তৃপক্ষ।

এ বিষয়ে ‘স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির ভুয়া গুজব থেকে বিরত থাকার আহ্বান জানান। এবং ক্রেতাদের অনুরোধ করেন মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া বক্তব্যে কান না দিয়ে আমাদের পাশে থাকতে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘স্বপ্ন একটি মানবিক ব্র্যান্ড এবং দেশীয় প্রতিষ্ঠান। গ্রাহকদের ভালোবাসা নিয়ে স্বপ্ন সামনে এগিয়ে যাচ্ছে। স্বপ্নর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে কিছু চক্র, তাদের সতর্ক করছি আমরা। সামনে এমন অনাকাঙিক্ষত কিছু আমরা দেখবো না বলেও আশা করছি। এরপরও কিছু সামনে এলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমি আরও জানাতে চাই- স্বপ্ন এসিআই গ্রুপের একটি অঙ্গ-প্রতিষ্ঠান। গ্রুপ চেয়ারম্যান আনিস-উদ-দৌলার হাতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান দেশে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করেছে।

স্বপ্ন সুপারশপ জানায়, স্বপ্ন গণমানুষের প্রতিষ্ঠান। মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বপ্ন তার ক্রেতাসাধারণের জীবন স্বস্তিময় করতে নিরলসভাবে কাজ করে চলেছে এবং আমাদের অনেক উদ্যোগই দারুণভাবে ক্রেতাসাধারণের ভালোবাসা ও সমর্থন পেয়েছে। স্বপ্নের এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কতিপয় অসাধুচক্র শতভাগ ভিত্তিহীন আর মিথ্যা প্রোপাগান্ডামূলক এ পোস্টটি করেছে যা কেবল স্বপ্নই নয়, স্বপ্নের বিশাল ক্রেতাসাধারণের সঙ্গেও একপ্রকার প্রতারণার শামিল।

সারাবাংলা/এসআর