Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সার্ক পুনরুজ্জীবিত হলে পুরো অঞ্চলের মানুষের লাভ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৬:২৩ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৩

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাথে সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর বৈঠক

ঢাকা: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আরও কার্যকরী করার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সার্ক একটি বিস্মৃত শব্দ। আপনি যদি এটিকে পুনরুজ্জীবিত করতে পারেন তবে এটি পুরো অঞ্চলের মানুষের লাভ হবে।’

সোমবার (২ ডিসেম্বর) সার্কের মহাসচিব গোলাম সারওয়ার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান ড. ইউনূস।

মহাসচিব প্রধান উপদেষ্টাকে সার্কের চলমান কার্যক্রমের বিষয়ে অবহিত করেন। যার মধ্যে রয়েছে প্রোগ্রামিং কমিটি, আঞ্চলিক কেন্দ্রের গভর্নিং বডি এবং বিশেষায়িত সংস্থা, জলবায়ু পরিবর্তনের ঘটনা, এসডিজি, আঞ্চলিক একীকরণ, শুল্ক সহযোগিতা ইত্যাদি। তিনি বলেন, ‘উচ্চ পর্যায়ের বৈঠকের অভাবে কার্যকরী উদ্যোগগুলো গতি পাচ্ছে না। এ সময় সার্কের সেক্রেটারি জেনারেল সার্কের একজন বড় সমর্থক হওয়ার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানান।’

বিজ্ঞাপন

সার্ক মহাসচিব বলেন, আমাদের অনেক সংস্থার সঙ্গে অংশীদারিত্ব রয়েছে। আমরা সেগুলো বের করার চেষ্টা করছি।

ড. ইউনূস মহাসচিব সারওয়ারকে বাংলাদেশ, ভারত ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে নেপালের জলবিদ্যুৎ রপ্তানির মতো বহুপাক্ষিক বিষয়ে কাজ করার জন্য বলেন।

অধ্যাপক ইউনূস জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দিতে সার্কভুক্ত দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘সার্কের পুরো ধারণাটি হলো মানুষকে একত্রিত করা। এই সম্মেলন সার্কের দরজা খোলার একটি উপায় হতে পারে।’

সারাবাংলা/জিএস/এনজে