Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪৪

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ২২:৩৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৫

ঢাকা: মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে আরও চার জনের। এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৩৬ জন।

এ নিয়ে দেশে চলতি বছরের ১১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৬০৩ জন। এর মাঝে ৯৫ হাজার ১৫১ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার এন্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ২৭৩ জন ও নারী ১৭১ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে মারা গেছেন দুইজন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজন ও চট্টগ্রাম বিভাগীয় (মহানগরীর বাইরে) এলাকার হাসপাতালে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩.১ শতাংশ পুরুষ এবং ৩৬.৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৩৬ জন। এর মাঝে ৫১.৭ শতাংশ নারী ও ৪৮.৩ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৬৯ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ৮৯ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে তিনজন, বরিশাল বিভাগে ২৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এসআর