Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালয়েশিয়া বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে

সারাবাংলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪ ২৩:০৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৩

মিশরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী

ঢাকা: মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদির বলেছেন, আমরা বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অপেক্ষায় রয়েছি। তিনি জানান, মালয়েশিয়া রোহিঙ্গা মানবিক সংকট নিরসন এবং আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।

বুধবার (১৮ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোর সেন্ট রেজিস হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন ও আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করা হয়েছে। আমরা আশা করি মালয়েশিয়া এই পদক্ষেপে সমর্থন দেবে।’

তিনি জানান, রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘ কয়েক শতাব্দীর বাসভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর সাম্প্রতিক মাসগুলোতে নতুন করে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

সহিংসা-জর্জরিত অঞ্চলকে সহায়তার প্রয়াসে রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত লোকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও ড. ইউনূস তার সমর্থন ব্যক্ত করেন। বৈঠকে তিনি জানান, তার সরকার ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। [সূত্র: বাসস]

সারাবাংলা/পিটিএম