Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই-আগস্টে শহিদের ছাড়া আর কারও প্রতি দায়বদ্ধতা নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:০৫

অন্তবর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সারাবাংলা

কিশোরগঞ্জ: অন্তবর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমরা স্পষ্ট করতে চাই জুলাই-আগস্টে শহিদদের ছাড়া আমাদের কারও ওপর দায়বদ্ধতা নেই। যারা শহিদ হয়েছেন ও যেসব সাধারণ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রীয় সফরে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

বিজ্ঞাপন

ফাওজুল কবির খান আরও বলেন, ভারতের আদানি কোম্পানি থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক চুক্তি। সুতরাং এটা হুট করেই বন্ধ করে দেওয়া যাবে না। বিগত সময়ে বিভিন্ন চুক্তি হয়েছে যা দেশের স্বার্থে হয়নি। আপনারা জানেন ২০১০ সালের আইনের অধীনে অনেক অন্যায় করা হয়েছে যার ফলে আমরা এই আইন বাতিল করেছি। বিগত সময়ে বিদ্যুৎ আমদানি বিষয়ে যেসব চুক্তি হয়েছে এইসবের জন্য সাবেক বিচারপতি ডা. মঈনুল ইসলামের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছে। যেখানে বিশেষজ্ঞরা আছেন, উনারা এইসব বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন। এই কমিটি আদানি কোম্পানিসহ ৭টা বিষয়ে কাজ করতেছেন। উনারা কাজ শেষে যে গাইডলাইন দিবেন তার উপর ভিত্তি করে আমরা চিন্তা করবো। কার সাথে চুক্তি রাখবো আর কার সাথে চুক্তি রাখবো না, আমরা তা স্পষ্ট করতে চাই।

তিনি বলেন, ‘কিশোরগঞ্জের হাওরে সড়ক নির্মাণের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে সরকার। হাওরের উপজেলার সঙ্গে একদিকে কিশোরগঞ্জ জেলা সদরের সংযোগ ও সিলেটের সঙ্গে সংযোগ অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। এখন থেকে অন্তবর্তী সরকার ঢাকায় বসে কোন পরিকল্পনা করবে না। মানুষের সঙ্গে কথা বলে মানুষ যেটা চায়, মানুষের যেটা প্রয়োজন আমরা সেটাই করবো।’

উপদেষ্টার সফর সঙ্গী ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো