Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ওজোপাডিকো’র কার্যালয়ে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ২২:২৪

খুলনা: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীতে (ওজোপাডিকো) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে খুলনার বয়রায় অবস্থিত ওজোপাডিকোর সদর দপ্তরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি প্রকল্পের কিছু কাগজপত্র সংগ্রহ করেন তারা। দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে দুদকের এনফোর্সমেন্টের অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র ও উপসহকারী পরিচালক মো. শামীম রেজা।

অভিযানে নেতৃত্বে দেওয়া দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, কাগজপত্র পর্যালোচনা করে এসব প্রকল্পে কোনো অনিয়ম-দুর্নীতি হয়েছে কিনা সে ব্যাপারে তারা কমিশনে প্রতিবেদন দাখিল করবেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, বিগত ১৬ বছরে সংস্থাটি ২টি প্রকল্প বাস্তবায়ন করেছে এবং আরও ২টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পগুলোর ব্যয় ৫ হাজার কোটি টাকা। এ প্রকল্পগুলোতে অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সে কারণে ওজোপাডিকো থেকে প্রকল্প সংশ্লিষ্ট বেশ কিছু কাগজপত্র নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তারা সব কাগজপত্র দিতে পারেনি, আগামীকাল দেবে বলে জানিয়েছে।

মনপুরা দ্বীপে ১৩০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ বিতরণ ও সম্প্রসারণ প্রকল্প চলমান রয়েছে। সেখানে বলা হয়েছে, ওয়েস্টার্ন রিনিউয়্যাল এনার্জি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কিনবে- ইউনিট প্রতি ২১ টাকা ২৫ পয়সা করে। তা বিক্রি হবে ৪ থেকে ৮ টাকা করে। এর ফলে সরকার লস করবে। এটা কেন হচ্ছে তা জানতে চাওয়া হয়েছে। তারা বলেছে, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করেছে। এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপর পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।

সারাবাংলা/এসআর