Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এস আলম’র চিনিকল-বিদ্যুৎকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৫২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:১১

‘এস আলম গ্রুপ’

চট্টগ্রাম ব্যুরো: একটি চিনিকল ও একটি বিদ্যুৎ কেন্দ্রসহ দুই প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রামভিত্তিক আলোচিত শিল্পগোষ্ঠী ‘এস আলম গ্রুপ’। দুই প্রতিষ্ঠানে হাজারখানেক শ্রমিক-কর্মচারি কর্মরত ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে প্রতিষ্ঠান দুটি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

প্রতিষ্ঠানগুলো হলো— এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড।

চট্টগ্রাম নগরীসংলগ্ন কর্ণফুলী নদীর তীরে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেডের দুই ইউনিটের কারখানা। এর অভ্যন্তরে দশ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি।

বিজ্ঞাপন

এস আলম গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ হোসাইন সারাবাংলাকে বলেন, ‘প্রতিষ্ঠান দুটি গত এক মাস ধরে বন্ধ আছে। পরিবর্তিত পরিস্থিতিতে ইন্টেরিম গভর্নমেন্টের আমলে আমরা কাঁচামাল আমদানির জন্য কোনো এলসি খুলতে পারছি না। কাঁচামাল না থাকলে প্রতিষ্ঠানে উৎপাদন হবে কিভাবে? এ অবস্থায় বন্ধ ঘোষণা করা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই।’

নোটিশে উল্লেখ করা হয়েছে, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড ও এস আলম পাওয়ার প্লান্ট লিমিটেডের সকল শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্যকারণবশত আগামী ২৫ ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে।’

নোটিশে কারখানা খোলার তারিখ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এস আলম গ্রুপের একজন ঊর্দ্ধতন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘দুই প্রতিষ্ঠানে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে সাত’শর মতো শ্রমিক-কর্মচারি আছেন। বিভিন্নভাবে আরও দুই-তিনশ শ্রমিক নিয়মিত কারখানাটিতে কাজ করেন। কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও তাদের বেতন নিয়মিত ছিল।’

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ঘনিষ্ঠ শিল্পপতি হিসেবে খ্যাত এস আলম গ্রুপের মূল কর্ণধার সাইফুল আলম মাসুদ। ব্যাংক থেকে টাকা পাচারসহ নানা অনিয়ম-দুর্নীতির কারণে বিতর্কের মধ্যে আছে আলোচিত এই শিল্পগ্রুপটি।

সারাবাংলা/আরডি/ এইচআই