Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবি সাংবাদিকতা বিভাগ / সেমিনার ফি ১০০০ থেকে কমে ৩০০, প্রত্যয়ন ফি বাতিল

রাবি করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভর্তি ফি ও প্রত্যয়নপত্র ফিসহ সকল ধরনের ফি’র পরিমাণ কমানো হয়েছে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত বিভাগীয় একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (সম্মান) পর্যায়ের প্রতি বছরের এককালীন ছাত্রকল্যাণ ও মিড়িয়া রিসার্চ ল্যাব ফি’র পরিমাণ আগের হারে বিদ্যমান থাকলেও অনুদান ফি’র ৩০ টাকা পুরোপুরি বাতিল করা হয়েছে। এ ছাড়া মাস্টার্স পর্যায়ের পরীক্ষার ফরম পূরণের এককালীন ছাত্রকল্যাণ ও মিডিয়া রিচার্স ল্যাব ফি’র পরিমাণ আগের হারে বিদ্যমান রয়েছে এবং সেমিনার ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা ও অনুদান ফি’র ৩০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন ধরনের প্রত্যয়ন পত্রের জন্য এককালীন ফি গুলোর মধ্যে সাধারণ প্রত্যয়ন পত্রের ফি ১০০ টাকা এবং নম্বর পত্রের প্রত্যয়ন ফি ১০০ টাকা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুল বলেন, ‘আমি বিভাগের সভাপতি হওয়ার পর দেখেছি কিছু খাতের জন্য শিক্ষার্থীদের থেকে টাকা না নিলেও বিভাগ চলতে পারে। এ ছাড়া বিভাগে অনেক মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়ে ভর্তি হয়, যাদের হয়তো এই নামেমাত্র অর্থ দিতেও অসুবিধায় পড়তে হয়। তাই তাদের বিয়টি মাথায় রেখে একাডেমিক কমিটির সভায় আমরা কিছু খাতে ফি কমানো এবং কিছু খাতে ফি সম্পূর্ণ বাতিল সিদ্ধান্ত নিয়েছি।’

সারাবাংলা/ইআ