চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের নামে করা হয়েছে। আগে এটি প্রয়াত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে ছিল।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে টোল আদায় কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে আনুষ্ঠানিক যান চলাচল শুরু হবে। অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এর উদ্বোধন করবেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের এক নির্দেশে নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৩ সালের ২৪ আগস্ট চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৪৫৮তম বোর্ড সভায় প্রস্তাব করা ‘মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ এক্সপ্রেসওয়ে’ নামটি মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল। একই বছরের ১৪ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নামে এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছিলেন।
উল্লেখ্য, ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ছাত্রদল নেতা ওয়াসিম গত বছরের ১৬ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে নগরীর মুরাদপুরে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের হামলায় নিহত হন। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।