Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উসমানের বিধ্বংসী সেঞ্চুরিতে চিটাগং কিংসের ২১৯

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ১৫:৪৪ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

১২০ রানের জুটির পথে উসমান-ক্লার্ক

ছুটির দিন হওয়াতে ম্যাচ শুরুর আগেই ভরে উঠল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি। কুয়াশামাখা কনকনে শীতের দুপুরে দল বেধে দুর্বার রাজশাহী আর চিটাগং কিংসের ম্যাচ দেখতে এসেছেন দর্শকরা। পৌষের এই শীতে ব্যাট হাতে হোম অফ ক্রিকেটে উত্তাপ ছড়িয়ে দিলেন রাজশাহীর পাকিস্তানি ব্যাটার উসমান খান। তার দুর্দান্ত এক সেঞ্চুরিতে ২০ ওভারে পাঁচ উইকেটে ২১৯ রান তুলেছে চিটাগং।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই পারভেজ হোসেন ইমন ক্যাচ দেন সাব্বির হোসেনের হাতে। তাসকিন আহমেদের হাত থেকে পাজর বরাবর ধেয়ে আসা বলে পুল করতে গিয়ে মিস টাইমিংয়ে আউট এই বাঁহাতি ওপেনার। কিন্তু এরপর দুর্বার রাজশাহীর বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন উসমান খান। তার ব্যাটিং ঝড় থেকে রক্ষা পাননি কেউই। ৪৯ বলে ১১ চার ও পাঁচ ছক্কায় করেছেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি। সব মিলিয়ে বিপিএলে পাকিস্তানি ব্যাটারের দ্বিতীয় সেঞ্চুরি।

বিজ্ঞাপন

আগের ম্যাচে আগুন ঝরা বোলিং করা তাসকিনকে তৃতীয় ওভারে টানা দুই চার মেরে শুরু উসমানের ব্যাটিং তাণ্ডব। হাসান মুরাদের ওপর ঝড় বইয়ে দিলেন পাওয়ারপ্লের চতুর্থ ওভারে, তিন চার ও এক ছক্কায়। মোহর শেখ প্রথম ওভার করতে এসেও পড়লেন উসমান ঝড়ের সামনে। তিন চারে গুনলেন ১৪। শফিউল ইসলাম করলেন নিজের খরুচে প্রথম ওভার, চারটি চার ও এক ছক্কায় এই ডানহাতি পেসারের ওভারে উসমান একাই তুললেন ২২। রায়ান বার্লও বাদ যাননি পাকিস্তানি এই ব্যাটারের চওড়া ব্যাটের তাণ্ডব থেকে। যদিও সেঞ্চুরির পথে জীবন পেয়েছেন দুবার। এবং সেই সুযোগ দুটো উসমান কাজে লাগিয়েছেন দারুণভাবে সেটা তার ইনিংসের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। ১৩ চার ও ছয়টি ছক্কায় ৬২ বলে ১২৩ রানে তাসকিনের বলে হাসান মুরাদের হাতে ক্যাচ দিয়ে থেমেছে তার ইনিংস।

উসমানের সেঞ্চুরির দিনে দারুন দুটো ক্যামিও খেলেছেন দলীয় অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও গ্রাহাম ক্লার্ক। দ্বিতীয় উইকেটে উসমানের সাথে ১২০ রানের জুটি গড়া ক্লার্ক খেলেছেন ২৫ বলে ৪০ রানের ইনিংস। দুই ছক্কা, দুই চারে মিঠুন ফিরেছেন ১৫ বলে ২২ রান করে।

বল হাতে ঝড় ঝাপ্টার মুখে রাজশাহীর সবচেয়ে খরুচে বোলার আজ হাসান মুরাদ ও শফিউল ইসলাম। স্পিনার হাসান চার ওভার বল করে ৪৫ রান দিয়ে উইকেট শূন্য, পেসার শফিউল এক উইকেট পেলেও তিন ওভারে দিয়েছেন ৩৬ রান। চার ওভারে ২২ রান দিয়ে দুই উইকেট নিয়ে দলের সেরা বোলার তাসকিন।

সারাবাংলা/জেটি