Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেহেরপুরে ফুলকপি চাষির পাশে ‘স্বপ্ন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ১৫:৩৮ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ২০:১০

মেহেরপুরে কৃষকের পাশে সুপারশপ স্বপ্ন – ছবি : সংগৃৃহীত

মেহেরপুর : শীতকালীন সবজির মধ্যে ফুলকপির বাম্পার ফলন হলেও এর দাম পাচ্ছেন না মেহেরপুরের কৃষকেরা। উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে ফুঁসছেন জেলার চাষিরা। ক্রেতা কম থাকায় অধিকাংশ সবজিই নষ্ট হচ্ছে জমিতে ।

কৃষি বিভাগ বলছে, একই সাথে মেহেরপুরসহ সারা দেশের শীতকালের সবজি উঠতে শুরু করেছে, তাই এমন দরপতন।

এদিকে কৃষকের হতাশার খবর চোখে পড়েছে স্বপ্ন কর্তৃপক্ষের। খবর জানার পর স্বপ্ন’র প্রতিনিধি গিয়ে প্রাথমিকভাবে ১০ হাজার পিস ফুলকপি কিনেছেন গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ।

ফুলকপি সবজি চাষি রকিব আলী জানান, একবিঘা জমিতে ফুলকপির আবাদ করতে খরচ হয়েতে ২৫ হাজার টাকা। সাথে রয়েছে শ্রমিক ও পরিবহন খরচ। লাভের পরিবর্তে জমিতে ফুলকপি নষ্ট হয়ে যাচ্ছিল । চিন্তা হচ্ছিল অনেক। সেখানে আশার মুখ দেখালো সুপারশপ স্বপ্ন । আমাদের থেকে ১০ হাজার পিস ফুলকপি কিনেছেন তারা। সেখান থেকে আমার কিছু টাকা আয় হয়েছে। স্বপ্নকে অনেক ধন্যবাদ।

বিজ্ঞাপন

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, প্রতিবছর এ মৌসুমে মেহেরপুরে ব্যাপকভাবে বাঁধাকপি ও ফুলকপির আবাদ হয়। হঠাৎ দরপতন হয়েছে। স্বপ্নকে এমন উদ্যোগ নেবার জন্য ধন্যবাদ জানাচ্ছি ।

‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে বলেন, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের মাধ্যমে মেহেরপুরের কৃষকদের এই হতাশার বিষয়টি চোখে পড়ে আমাদের। এরপর স্বপ্ন’র টিম মেহেরপুরের সেই কৃষকের সাথে যোগাযোগ করেন এবং ফুলকপি কেনার সিদ্ধান্ত নেয়া হয়। স্বপ্ন’র সম্মানিত ক্রেতাদের জন্য আজ থেকেই স্বপ্ন আউটলেটে থাকবে মেহেরপুরের সেই কৃষক ভাইয়ের জমির ফুলকপি।

তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।

সারাবাংলা/আরএস