Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৪:২৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৪:২৬

বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন।

টাঙ্গাইল: টাঙ্গাইলে জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন মানববন্ধনে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে শহরের পার্ক বাজার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সম্রাট পাহলী, টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইসরাত জাহান ইতি, পৌর মৎস্যজীবী ব্যবসায়ী সমিতি’র সাবেক সাধারণ সম্পাদক মোতালেব হোসেন রানা, জেলা যুবদলের সাবেক সদস্য এম আমিনুল হক,এনামুল হক মনি পাহেলী, আশরাফ পাহেলীর বোন শম্পা পাহেলি, মো. শরিফুল ইসলাম সহ আরও অনেকে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা আশরাফ পাহেলী একদিনে তৈরি হননি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা আশরাফ পাহেলী। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র এক ঘন্টা আগেও পাহেলীর বাসায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বক্তারা আরো বলেন, ‘সম্প্রতি টাঙ্গাইল জজ কোর্টে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলার ঘটনায় আশরাফ পাহেলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন মানববন্ধনে অপপ্রচারের চালানো হচ্ছে। মামলার বাদী জয়নাল আবেদিন আশরাফ পাহেলীর রাজনৈতিক সহকর্মী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছেন এবং এর বিচার চেয়ে মামলা দায়ের করেছেন। তিনি যাদের নামে মামলা করেছেন তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমরা এই মানববন্ধন থেকে অবিলম্বে সব মিথ্যা অপপ্রচারকারীদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি। অন্যথায় তাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে।’

সারাবাংলা/এনজে