Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই ঘোষণাপত্রে সবাই সম্পৃক্ত হতে চায়, তাই দেরি হচ্ছে’

ইবি করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ১৯:৩৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ২০:০৪

ইবিতে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ছিলেন শফিকুল আলম। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সব পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা হয়েছে। সবমিলিয়ে মেসেজটি খুবই পজিটিভ। সবাই এখানে সম্পৃক্ত হতে চাচ্ছে। তাই দেরি হচ্ছে। এটা নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমসহ সরকারের অন্যান্যরা দিনরাত কাজ করছে।

শনিবার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, ‘নির্দিষ্ট কোনো দিনের কথা আমি বলব না। দিন নির্ধারণ করার পর ঘোষণা করতে না পারলে আপনারাই গালি দেবেন। তবে যত দ্রুত করা যায় সে লক্ষ্যে কাজ চলছে। এটা বাংলাদেশের ঐতিহাসিক ডকুমেন্ট হতে যাচ্ছে। তাই চুলচেরা বিশ্লেষণ চলছে। তাছাড়া ঘোষণাপত্রে জনগণকে সম্পৃক্ত করার বিষয়ে বলা হয়েছে। ২৩ জানুয়ারির মধ্যে চিঠির মাধ্যমে জনগণ মতামত জানাতে পারবেন।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. হোসাইন আল মামুন। এছাড়াও আলোচক ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদদাতা এস এম রাশিদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুজা উদ্দিন, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র সহ-সম্পাদক এমদাদুল হক, বণিক বার্তার সিনিয়র রিপোর্টার ও সংগঠনটির সাবেক সভাপতি ইমামুল হাছান আদনান, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান নবীন ও সাবেক সভাপতি ইমরান শুভ্র।

এ ছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলীসহ বিভিন্ন সংগঠনের নেতাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো