Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুবদল নেতার হামলায় বিএনপি কর্মী নিহত

স্পেশাল করেসপডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৭:০২ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৮:২১

স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় যুবদল নেতার হামলায় বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার গাছুয়া ইউনিয়নের সীমান্ত মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত আইয়ূব জাহাঙ্গীরের (৫০) বাড়ি গাছুয়া ইউনিয়নে। আর হামলায় অভিযুক্ত সুমন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘আইয়ূব জাহাঙ্গীর বিএনপির সক্রিয় কর্মী। সুমন যুবদল নেতা। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, তাদের মধ্যে টাকাপয়সা লেনদেন নিয়ে বিরোধ ছিল। সুমন আইয়ূবের কাছ থেকে টাকা পেতেন। দুপুর ১টার দিকে পাওনা টাকা নিয়ে আইয়ূবের সঙ্গে সুমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন ও তার কয়েকজন সহযোগী মিলে আইয়ূবের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা করে।’

বিজ্ঞাপন

ওসি জানান, হামলায় আহত আইয়ূবকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া সুমনসহ হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সারাবাংলা/আরডি/এইচআই