Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুন করে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিএসএফের হাতে ২ ভাই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ২৩:০৪

প্রতীকী ছবি

সাতক্ষীরা: সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের কৃষক জিতেন মণ্ডলকে (৫৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে আটক হয়েছে তার আপন দুই চাচাতো ভাই। জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জিতেন মণ্ডলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

শনিবার (২২ আগস্ট) ভোরে ভারতের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার আমুদিয়া ক্যাম্পের বিএসএফের টহলদল তাদের আটক করে বলে সীমান্তের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

জিতেন মণ্ডলকে হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার সময় তার চাচাতো ভাই একই গ্রামের পাঁচু মণ্ডলের ছেলে তপন (৩০) ও ভগেন (৩৫)-কে বিএসএফ আটক করে। সদর উপজেলার চারাবাড়ি সীমান্ত দিয়ে তারা অবৈধপথে ভারতে পালিয়ে যান। কিন্তু ভারতীয় ভূখণ্ডে তারা বিএসএফের হাতে আটক হন।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী জানায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার (২১ আগস্ট) সকালে জিতেন মণ্ডলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই রাতে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, জমিজমা-সংক্রান্ত সহিংসতায় কৃষক জিতেন মণ্ডল চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার হত্যাকারী তপন ও ভগেন ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছেন।

তিরি আরও বলেন, ‘এ ব্যাপারে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তাদের ফেরত পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর