Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে: বদিউল আলম

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৩:২৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৫:৩৩

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

ঢাকা: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, মানুষ হত্যা, গুম ও গুরুতর মানবতাবিরোধী অপরাধ যারা করেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, কাউকে নির্বাচন থেকে দূরে রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই যারা অন্যায় করেছে, তারা যেন বিচারের আওতায় আসে। এটা জনগণের মতামতের ভিত্তিতেই সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, কোনো নির্বাচনি দল বা নির্দিষ্ট কাউকে দূরে রাখতে নয়, নির্বাচনি অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে।

বদিউল আলম মজুমদার বলেন, একটি তদন্ত কমিশন গঠন করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা কারচুপিতে সহায়তা করেছে তাদের বিচার করা হোক। তখনকার কমিশন অন্যায় করলে তাদেরও বিচার হবে। কেউ চায় না অতীতের জায়গায় ফিরে যাক। অতীতের কারচুপি নির্বাচনের পুনরাবৃত্তি চাই না।

সারাবাংলা/এনএল/ইআ