Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুবি উপকেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু শনিবার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ২২:৪৭

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে শনিবার (২৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

সভায় জানানো হয়, আগামী ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও হোপ পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রেভারেন্ড পলস হাই স্কুল উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জানা যায়, দেড় ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

সভায় বিভিন্ন দিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস, ব্যাগ, বই নিয়ে প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে সুশৃঙ্খলভাবে তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। কোনো অভিভাবক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। তবে পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের পূর্বে আসা পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। ভর্তি পরীক্ষা চলাকালে গল্লামারী পুলিশ বক্সের মোড় থেকে জিরোপয়েন্ট পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত যানবাহন ব্যবহার করেন তাদের যানবাহনে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও সাদা পোশাকে নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এই পরীক্ষা সংক্রান্ত বা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান ও ফোকালপয়েন্ট প্রফেসর শেখ মাহমুদুল হাসান এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। ভর্তি পরীক্ষা চলাকালীন কোনো সাংবাদিক পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না, তবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যের প্রয়োজন হলে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের সঙ্গে আগেই যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

সভায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান পরীক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

সারাবাংলা/এইচআই