Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদ্যুতে হাত হারানো শিশু রাকিবুজ্জামানকে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৭:২২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:৫৫

রাকিবুজ্জামানের ডান হাতের বগল থেকে ও ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলা হয়।

ঢাকা: পল্লী বিদ্যুতের অবৈধ লাইনে বিদ্যুতায়িত হয়ে হাত-পা হারানো সাতক্ষীরার আশাশুনি থানার প্রতাপনগরের শিশু রাকিবুজ্জামানের জরুরি চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে প্রদানের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ও প্রধান বিদ্যুৎ পরিদর্শককে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহম্মদ তারিক-উল ইসলাম ও ফরিদ হাসান মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবীর রোমেল, ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।

বিজ্ঞাপন

এ বিষয়ে আইনজীবী মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ২০২১ সালের ২১ মার্চ আব্দুর রাজ্জাক ঢালীর দ্বিতল বাসার ওপর দিয়ে নিয়ম বহির্ভূতভাবে ক্যাপ ও কভারহীন বিদ্যুতের লাইন স্থাপন করা হয়। এর আগে ২০ মার্চ আব্দুর রাজ্জাক পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর ওই আবাসিক ভবনের ওপর দিয়ে টানা বিদ্যুৎ লাইন সংযোগ না দেওয়ার আবেদন করেছিলেন।

পরে ৯ মে আব্দুর রাজ্জাক ঢালীর ৭ বছরের শিশুপুত্র রাকিবুজ্জামান ওই বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়। এতে তার শরীর ঝলসে হাড়-মাংস খসে পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১২ মে রাকিবুজ্জামানের ডান হাতের বগল থেকে ও ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলা হয়।

ওই ঘটনার ক্ষতিপূরণ চেয়ে ২০২১ সালের ২৫ মে আব্দুর আব্দুর রাজ্জাক ঢালী সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ক্ষতিপূরণসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন। কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া বা অন্য কোনো ব্যবস্থা নেননি।

এরপর ওই বছরের ৭ নভেম্বর রাকিবুজ্জামানের জন্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শিশুটির বাবা মো. আব্দুর রাজ্জাক ঢালীর পক্ষে আইনজীবী মোহাম্মদ তারিকুল ইসলাম এ রিট দায়ের করেন।

রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, জোনাল ম্যানেজার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, প্রকল্প পরিচালক, সাতক্ষীরার ডিসি ও প্রধান বিদ্যুৎ পরিদর্শককে বিবাদী করা হয়।

এরপর ২০২১ সালের ৮ নভেম্বর হাত-পা হারানো শিশু রাকিবুজ্জামানকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

একইসঙ্গে শিশুটির দেশে-বিদেশে কী ধরনের চিকিৎসা প্রয়োজন ও চিকিৎসায় কত খরচ হবে তা জানাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিচালককে জানাতে বলা হয়েছিল। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সেই রুল শুনানির ধারাবাহিকতায় আজ আদালত শিশু রাকিবুজ্জামানের জরুরি চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিতে নির্দেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ