Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ২৩:২৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১১:৫৭

সিইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রায় ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিইপিজেডের ভেতরে এ সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান সারাবাংলাকে বলেন, ‘সিইপিজেডের ভেতরে নির্মাণাধীন একটি ভবনে কয়েকজন চোর ঢুকেছিল। তাদের নিজস্ব সিকিউরিটি সদস্যরা তিন জনকে আটকে ফেলে। তখন আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে যায় যে, নির্মাণাধীন ওই ভবনে চোর সন্দেহে কয়েকজন শ্রমিককে আটকে মারধর করা হচ্ছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।’

বিজ্ঞাপন

জানা গেছে, কয়েকটি কারখানা থেকে কয়েকশ শ্রমিক রাস্তায় বেরিয়ে আসেন। তারা নির্মাণাধীন ওই ভবন লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ইপিজেড থানা ও শিল্প পুলিশ এবং র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় শ্রমিকদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

শিল্প পুলিশের এসপি সুলাইমান বলেন, ‘ঘন্টাখানেকের মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন শ্রমিকদের অধিকাংশই চলে গেছেন। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তবে তেমন গুরুতর নয়।’

সারাবাংলা/আরডি/পিটিএম