Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ছিনতাই

স্টাফ করেসপনডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ০৩:৪২ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:৪৯

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত জুয়েলারি ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত অনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত সজল রাজবংশীর ভাই জয় রাজবংশী জানান, তাদের বাসা হাজারীবাগ সেকশন বেরিবাঁধ এলাকায়। কামরাঙ্গীরচরে তাদের ইতি জুয়েলার্স নামে সোনার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রাতে দোকান বন্ধ করে তার ভাই সজল মোটরসাইকেল বাসায় ফিরছিলেন। পথে সেকশন বেরিবাঁধ এলাকায় এলে দুটি মোটরসাইকেলে সাত থেকে আট জন ব্যক্তি এসে তার মোটরসাইকেলের গতিরোধ করে। এর পর তার বাম পায়ের হাটুতে একটি গুলি করে সজলের কাঁধে থাকা সোনার ব্যাগটি নিয়ে যায়।

বিজ্ঞাপন

জয় রাজবংশীর দাবি, ব্যাগে আনুমানিক ৭০ ভরি সোনা। যা ছিনতাইকারীরা নিয়ে গেছে। খবর পেয়ে আহত অবস্থায় সজলকে প্রথমে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডি পপুলার মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজারীবাগ এলাকা থেকে ওই যুকককে আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। স্বজনদের দাবি, ছিনতাইকারীরা তার বাম পায়ে গুলি করে সোনার ব্যাগ নিয়ে গেছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম