Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রবাসীরা ২৫ দিনে পাঠিয়েছেন সাড়ে ২০ হাজার কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৯:১৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৯:৩৩

রেমিট্যান্স। ছবি: সারাবাংলা

ঢাকা: জানুয়ারির প্রথম ২৫ দিনে প্রবাসীরা ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (১ ডলার সমান ১২২ টাকা ধরে) যার পরিমাণ ২০ হাজার ৪৪৭ কোটি টাকা। রোববার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রতিদিন প্রবাসী আয় আসছে প্রায় ৮১৮ কোটি টাকার বেশি। আর এভাবে রেমিট্যান্স আসার গতি অব্যাহত থাকলে চলতি মাসেও দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। চলতি জানুয়িারির প্রথম ২৫ দিনে এসেছে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স। আলোচিত সময়ে এরমধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৪৮ লাখ ডলারের রেমিট্যান্স।

বিজ্ঞাপন

এর আগে, সদ্য বিদায়ী ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৬৬৮ কোটি টাকার বেশি। একক মাস হিসাবে আগে কখনোই এতো পরিমাণ রেমিট্যান্স আসেনি। এর আগে করোনাকালীন ২০২০ সালের জুলাই ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এবার সেই রেকর্ড ভাঙলো ২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বর।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুয়ায়ী, ২০২৪ সালের শেষ মাস ডিসেম্বরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে প্রায় ২৬৪ কোটি ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ৬৪ কোটি ৮০ লাখ ডলার বেশি। গত বছরের ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার। ২০২৪ সালের জুলাই মাস বাদে বাকি ১১ মাসই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বরে) এক হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি এসেছে। গত অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) রেমিট্যান্স এসেছিল এক হাজার ৮০ কোটি ডলার।

সারাবাংলা/জিএস/ইআ