Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে ৪ হত্যা: ডাকাতির সন্দেহে দুই যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ১৩:২০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ ১৩:৫৬

নিহত গণপতি চক্রবর্তী, স্ত্রী বুলা চক্রবর্তী, ছেলে পিওম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী।

রংপুর: রংপুরে তালাবদ্ধ ঘরে জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৩ আগস্ট) ভোর ৫টা পর্যন্ত ওই এলাকার দুই যুবককে আটকের তথ্য পাওয়া গেছে। তাদের বাড়ি মাছুয়াপাড়ায় বলে জানা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র থেকে জানা যায়, চারজনের হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে সিদ্ধার্থ ও মুগ্ধকে আটক করা হয়। সূত্র আরও জানায়, আটকদের মধ্যে একজন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে পার্শ্ববর্তী রেশম উন্নয়ন বোর্ডের তুতবাগানে লুকিয়ে পড়েন। পরে তুতবাগানের পাশেই দখীগঞ্জ শ্মশান থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের পর ভবনটিতে বসে তারা ইয়াবা সেবন করেছিল বলেও আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। এ ঘটনায় স্থানীয় যুবকদের একটি দল জড়িত বলে ধারণা করছে পুলিশ। ডাকাতির উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে পুলিশ সন্দেহভাজনদের আটকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও দুপুর ১টার দিকে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে। রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দুপুর ২টায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতারে তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে বলে জানা গেছে।

সারাবাংলা/এএ