Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনির্দিষ্টকালের জন্য ব্লকেড কর্মসূচি ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের 

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১১:৩২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১১:৪৮

সংগৃহীত ছবি

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের স্থায়ী অপসারণ ও বিচারের দাবিতে অধিভুক্ত সরকারি সাত কলেজের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া সোমবার (২৭ জানুয়ারি) থেকে সাত কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য ব্লকেড কর্মসূচি পালন করবেন তারা।

রোববার (২৬ জানুয়ারি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে একটা সংবাদ সম্মেলনকে ঘিরে এ ঘটনার সূত্রপাত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলো ঘেরাও করতে এলে শিক্ষার্থীরা বাধা দেয় ও দফায় দফায় সংঘর্ষ হয় ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে।

এদিকে রোববার অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কোনোভাবেই তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

এর আগে, পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে গেলে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেন বলে অভিযোগ তোলেন তারা। এ ঘটনায় তার ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে রোববার সন্ধ্যা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ এবং সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসেন।

এরপর নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশ’ শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান সাত কলেজের শিক্ষার্থীরা। পরে তারা আবার একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। পালটা-পালটি এ ধাওয়া চলে দিবাগত রাত পৌনে ২টা পর্যন্ত। এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন।

দুই পক্ষকে নিবৃত্ত করতে মাঝে অবস্থান নেয় পুলিশ। এ সময় সাত কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে দেখা যায়। পরে পুলিশকে সহায়তা করতে চার প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়।

এক পর্যায়ে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আর সাত কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। পরে রাত পৌনে ৩টার দিকে অবস্থান ছেড়ে নিজেদের ক্যাম্পাসে ফিরে যান।

রাত ৩টার দিকে সাত কলেজের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সাত কলেজের সামনের সড়কে আজ সকাল ৯টা থেকে অবস্থান নেবেন এসব কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন তারা।

সারাবাংলা/এআইএন/এনজে