Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবি করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ২৩:৫৫

ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়: চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।

সোমবার (২৭ জানুয়ারি) রাত্রি ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শামীম ত্রিপুরা বলেন, ‘৫ আগস্টের পর আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তর কামনা করেছিলাম। কিন্তু ৫ আগস্টের পর আমরা দেখি ব্যক্তি মানুষের গণতান্ত্রিক চর্চার ওপর কীভাবে আঘাত হানা হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রত্যেক মানুষ তার ব্যক্তি অধিকারের স্বার্থে রাজপথে নামতে পারে। কিন্তু তাই বলে জোর পূর্বক তার বাক স্বাধীনতা এভাবে হরণ করার অধিকার কারও নেই। আজকের পর থেকে যদি কোনো ছাত্র, শিক্ষক বা জনগণের গণতান্ত্রিক অধিকারের হরণ করার চেষ্টা করা হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।’

বিজ্ঞাপন

রাবি ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার বলেন, ‘গতকাল এদেশের বয়োঃবৃদ্ধ নাগরিক মাদরাসা শিক্ষকের ওপর নির্মম ও ন্যাক্কারজনক হামলা চালিয়েছে পুলিশ। এই পুলিশের শুধু পোশাকই পরিবর্তন হয়েছেন। সরকারকে জানিয়ে দিতে চাই, তারা যাদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় বসেছে, আমরা সেই জনতার অংশ। যারা ট্র্যাঙ্ক কামানের সামনে গিয়ে বুক পেতে দিয়েছিল।’

রাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘দেশের আর সব মানুষের মতো এই মাদরাসা শিক্ষকরাও ভেবেছিল যে, গণঅভ্যুত্থানের আগে এরা যেসব বঞ্চনার শিকার হতো অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা এসব থেকে মুক্তি পাবে। এ কারণেই তারা রাস্তায় নেমে এসেছিল। কিন্তু আমরা দেখলাম রাষ্ট্র তাদের সঙ্গে কি আচরণ করেছে, তাদের ওপর পুলিশ লেলিয়ে দিয়েছে।’

মিছিল পরবর্তী সমাবেশটি সঞ্চালনা করেন রাবি ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেন। এ সময় আরও বক্তব্য দেন- বিপ্লবী ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ ও ছাত্র ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ আহমদ ইমতিয়াজ সৈকত প্রমুখ।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো