ঢাকা: প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান রোববার (২৩ আগস্ট) ঢাকার মিরপুরে সারাবাংলা ডটনেট কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি সারাবাংলার সম্পাদক সাইফুল ইসলাম সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে মতবিনিময় করেন।
বিশিষ্ট লেখক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক তথ্যসচিব মারুফ কামাল খান আইসিসি গ্রুপের বিভিন্ন প্রকাশনা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এরমধ্যে ছিল- দৈনিক সারাবাংলা, সারাবাংলা ডটনেট ও ডিজি বাংলা।
মতবিনিময়কালে দুই সম্পাদক বাংলাদেশের গণমাধ্যম শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। দেশ ও মানুষের স্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার ওপর তারা গুরুত্বারোপ করেন।
এ সময় আইসিসি গ্রুপের মিডিয়া পরিচালক শাহীন হাসনাত, সারাবাংলা ডটনেট ইংরেজি সংস্করণের প্রধান আবুল কালাম মানিক, ডেপুটি চিফ সৈয়দ আলী আসফার, সিটি এডিটর রফিকুল ইসলাম আজাদ এবং নিউজ এডিটর মেহেদী হাসানসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
পরে তিনি দৈনিক সারাবাংলা ও অনলাইন সংবাদমাধ্যমের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেগুলোর সম্পাদকীয় ও পরিচালন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সাফল্য কামনা করেন।