Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারা দেশে বন্ধ ট্রেন চলাচল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ০৯:২৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১০:৪০

ঢাকা: ভাতাসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। তাদের আন্দোলনের কারণে মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ফলে যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এ সংক্রান্ত তথ্য জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেনি। এ কারণে ২৮ জানুয়ারি থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে। রেলের যাত্রা বাতিল হলে আগের কেনা টিকিটের টাকা বাংলাদেশ রেলওয়ে ফেরত দেবে।

বিজ্ঞাপন

আরও পড়ুনসারাদেশে বন্ধ রেল চলাচল, রেল রুটে চলবে বিআরটিসি বাস

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে শুরুর স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এ জন্য সারা দেশে ট্রেন চলাচল বন্ধ আছে।

আরও পড়ুন–  চট্টগ্রামে ৫ ট্রেনের শিডিউল বাতিল, স্টেশন ছাড়ছেন যাত্রীরা

সারাবাংলা/জেআর/এনজে
বিজ্ঞাপন

আরো