Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস লিগ / বাঁচা-মরার লড়াইয়ে গার্দিওলার বিশেষ পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৯

চ্যাম্পিয়নস লিগে সিটির টিকে থাকার লড়াই

এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বটা যেন দুঃস্বপ্নের মতো কাটছে তাদের। নতুন ফরম্যাটে হাবুডুবু খাওয়া ম্যানচেস্টার সিটি গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ক্লাব ব্রুজের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা। বাঁচা মরার এই লড়াইয়ের আগে সিটি কোচ পেপ গার্দিওলা বলছেন, আবেগকে দূরে রেখে নিজেদের সেরাটা দিয়েই টুর্নামেন্টে টিকে থাকতে চান তারা।

গ্রুপ পর্বের শুরুটা ভালো হলেও মাঝপথে এসে খেই হারিয়ে ফেলে সিটি। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে বিপর্যস্ত সিটি এই মুহূর্তে ৮ পয়েন্ট নিয়ে আছে তালিকার ২৫তম স্থানে। শেষ ১৬তে ওঠার লড়াইয়ে প্লে-অফে যেতে হলে শীর্ষ ২৪ এ থাকতেই হবে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্লাব ব্রুজের বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই সিটিজেনদের সামনে।

বিজ্ঞাপন

পয়েন্ট হারালেই টুর্নামেন্ট থেকে বাদ, এমন সমীকরণকে সামনে রেখে কী অতিরিক্ত চাপে থাকবে সিটি? সংবাদ সম্মলনে এমন প্রশ্নের জবাবে পেপ বলছেন, আবেগকে দূরেই রাখতে চান তারা, ‘আমি আবেগ নিয়ে ভাবছি না। ম্যাচে আমরা এসবকে দূরেই রাখব। আমরা কখনোই আবেগকে প্রশ্রয় দিতে চাই না। আমরা প্রথম ২০ মিনিটে গোল করেই এগিয়ে থাকতে চাই, তবে মনে হয় না এত সহজে সেটা হবে। আমাদের প্রতিপক্ষ অনেক ভালো ফুটবল খেলছে। এই ম্যাচ জিততে আমাদের বিশেষ কিছু করতে হবে।’

নিজেদের দুরবস্থার কথা মাথায় রেখেই মাঠে নামতে চান পেপ, ‘সহজ কথা, জিততে না পারলেই আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে যাব। জিততে পার্লে প্লে-অফে পৌঁছে যাব। চ্যাম্পিয়নস লিগে এরকম পরিস্থিতি নকআউট পর্ব থেকে হয়। কিন্তু এবার সেটা গ্রুপ পর্বেই হচ্ছে। আমাদের কাজটা একেবারেই সহজ হবে না।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিটি প্রতিপক্ষ ক্লাব ব্রুজ। এখন পর্যন্ত ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২০তম অবস্থানে আছেন তারা। তিন মাসের বেশি সময় ধরে অপরাজিত ব্রুজের বিপক্ষে জয়ে আশাবাদ নিয়েই মাঠে নামবে সিটি, জানালেন গার্দিওলা, ‘আমাদের প্রতিপক্ষ শেষ ২০ ম্যাচে হারেনি। এমন ম্যাচে জয়ের জন্য সমর্থকদের আমরা পাশে চাই। অনেকেই ভাবছে আমরা প্লে-অফে যেতে পারব কিনা। কিন্তু আমি বিশ্বাস করি এই ম্যাচ জিতেই আমরা পরের রাউন্ডে যাব।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো