Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলীসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৩:০২ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৮:৫৮

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। একইসঙ্গে শিবলীসহ ৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পাসপোর্ট বাতিল করা অন্যরা হলেন- নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এসকে মো. লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এই ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। পরিবর্তিত পরিস্থিতিতে তার অতি আস্থাভাজন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। গত বছরের ৯ অক্টোবর অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মহানগর সিনিয়র স্পেশাল জজকোর্ট এই নিষেধাজ্ঞা আরোপ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন। পুনর্নিয়োগ পেয়ে গত বছরের ১৬ মে তিনি আবার বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা দেন। আদালতে দুদকের আবেদনে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিবলী রুবাইয়াতের বিপুল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। তিনি যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করছে দুদক।

এ ছাড়া শিবলী রুবাইয়াত ও তার ছেলে জুহায়ের সারার ইসলামের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাদের সব বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব স্থগিত করা হয়েছে।

সারাবাংলা/জিএস/ইআ
বিজ্ঞাপন

আরো