Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুতুলের সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি: দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৬:২৭ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৮:৫৮

ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান ‘সূচনা ফাউন্ডেশন’ এর ব্যবহৃত ঠিকানায় অভিযান চালিয়ে এর কোনো অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সমাজ সেবা অধিদফতর থেকে পাওয়া ঠিকানা অনুযায়ী গিয়ে এই নামে কোনো প্রতিষ্ঠান পায়নি সংস্থাটির আভিযানিক দল।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

দুদকের একটি দল সূচনা ফাউন্ডেশনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাতে ধানমন্ডি-২৭ এর ওই ঠিকানায় যান।

এর আগে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুদকের সহকারী পরিচালক মো. নওশাদের নেতৃত্বে এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল সূচনা ফাউন্ডেশনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাতে ধানমন্ডি-২৭ ওই ঠিকানায় যান। কিন্তু পরে সেখানে এই নামে কোনো প্রতিষ্ঠানের হদিস পায়নি দলটি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৪ সালে স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে। সায়মা ওয়াজেদ এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন। প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

এর আগে, গত ২৫ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন স্থগিত রাখা হয়েছে।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো